গুঞ্জন মিথ্যা, আমেরিকায় ঈদ করবেন শাকিব খান

গত বছরের নভেম্বরে আমেরিকা গিয়েছেন ঢালিউডের পোস্টার বয় শাকিব খান। করেছেন গ্রিন কার্ডের আবেদন। আর সে কারণে দীর্ঘ সময় ধরে দেশটিতে অবস্থান করছেন তিনি।

এরমধ্যে গুঞ্জন শোনা গিয়েছিল ঈদ করতে ২৫ এপ্রিল ঢাকায় আসছেন এই তারকা। কিন্তু নতুন খবর হলো, সহসাই দেশে ফিরছেন না তিনি। আর তাই প্রথমবারের মতো মার্কিন মুলুকে ঈদ করবেন এই শিল্পী।

দেশটিতে নির্মিতব্য তার নতুন ছবি ‘রাজকুমার’ সংশ্লিষ্ট একাধিকজনের সঙ্গে কথা বরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শাকিবের ঘনিষ্ঠ একজন জানান, জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে। তার আগে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। যা ইতোমধ্যে শুরু করেছেন ছবিটির প্রযোজক শাকিব খান নিজে। তাই এরমধ্যে দেশে যাওয়ার পরিকল্পনা নেই তার।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *