আসছে ঈদে ‘শান’ সিনেমার মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’। এ নিয়ে আজ (বুধবার) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) হল রুমে প্রেস মিট আয়োজন করা হয়। এসময় সিয়ামের সন্তানের নাম জানতে চাওয়া হয়।
সিয়াম বলেন, ‘এখনও কেউ জানে না তার নাম। এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে ছেলে নাম জানাতে চাই।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিমায় আহমেদ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ, পরিচালক এম রাহিম, চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান ও নাজিম উদ দৌলা, প্রযোজক ওয়াহিদুর রহমান ও আজিজুর রহমানসহ অনেক।
‘শান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হবেন সিয়াম। আসছে ঈদে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য সিনেমাগুলোও দেখতে বলেন এই নায়ক। তবে সিনেমার নায়িকা পূজা চেরি সিলেটে শুটিংয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে সশরীরে হাজির হতে পারেননি।
ভিডিওকলে যুক্ত হয়ে পূজা জানান, ‘আজকের আয়োজনে উপস্থিত হতে না পেরে খারাপ লাগছে। তবে শান নিয়ে আমাদের প্রত্যাশার লেভেল খুব হাই। বিভিন্ন ধরণের কন্টেন্ট দেখেছি। যত এগুলো দেখছি আরও প্রত্যাশা বেড়েই চলেছে।’
প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তা আজাদ খানের গল্পে ‘শান’ সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
এতে সিয়াম-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশা সওদাগর, ডন, মুরাদ, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
