জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী মনির খান সব সময় উৎসব-আয়োজনে শ্রোতাদের জন্য উপহার হিসেবে নতুন গান প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরে দুটি গান প্রকাশ করবেন তিনি। আগামী ৩০ এপ্রিল রাত ৯টার দিকে ইউটিউবে ‘এমকে মিউজিক ২৪’ এ একটি এবং ‘মনির খান’ চ্যানেলে একটি গান প্রকাশ করা হবে।
তবে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া এ কণ্ঠশিল্পী ভিউ গণনার অসুস্থ প্রতিযোগিতার পক্ষে নয়। আর একজন শিল্পীর প্রকৃত সার্থকতা তার গানটি শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকা বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ‘অঞ্জনা’ খ্যাত এই শিল্পী সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে এসব মতামত জানান। সেখানে তিনি জানিয়েছেন, যদি প্রশ্ন করেন, একজন শিল্পীর প্রকৃত সার্থকতা কোথায়? তাহলে সর্বপ্রথম আমি বলব, গানটি যে মাধ্যমেই প্রকাশিত হোক সেটি দীর্ঘদিন শ্রোতাদের অন্তরে বেঁচে থাকবে এমনটাই একজন কন্ঠশ্রমিক মনে প্রাণে চান।
এই শিল্পী ভিউ গণনার বিষয়ে বলেন, ভিউ গণনার অসুস্থ প্রতিযোগিতার পক্ষে আমি নই। একটি গান রাতারাতি কোটি ভিউ হলো কিন্তু তা শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করতে ব্যর্থ হলো। তাহলে সেই গানটি আমি জনপ্রিয় গানের আসনে বসাতে পারব না। আর যে গান শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে না, বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী হয়, লিরিক মিলিয়ন ভিউ হলেও তাকে হিট গান বলতে আমার ঘোর আপত্তি।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী নিজের কাজের বিষয়ে জানিয়েছেন, সময়কে প্রাধান্য দিয়ে নয়, কাজকে প্রাধান্য দিয়েই সংগীত জীবনের শুরু থেকে এই পর্যন্ত এসেছি। জানি না কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছি।
এছাড়া শ্রোতাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আমার প্রাণ প্রিয় ভক্ত শ্রোতাদের জন্যই আজ আমি মনির খান হতে পেরেছি। আপনাদের এই সীমাহীন ভালোবাসার কাছে আমি চির ঋণী, তবে সে ঋণ শোধ করতে চাই না। যতদিন আছি আপনাদের ভালোবাসা পেতে চাই। প্রতিনিয়ত আপনাদের অন্তরের কাছে থেকে মনের অবস্থা উপলব্ধি করে নতুন নতুন গান উপহার দিতে চাই।
