সবাই ভাবত আমি খারাপ কাজ করি, কেউ মিশত না: এনা সাহা

টলিউডের তরুণ অভিনেত্রী এনা সাহা। ছোটবেলা থেকেই শুরু করেছিলেন অভিনয়। বড় হওয়ার পর বেশ কয়েকটি সফল সিনেমায় কাজ করেছেন। কিছুদিন আগে শুরু করেছেন প্রযোজনাও। অল্প বয়সেই তিনি নিজেকে নানাবিধ পরিচয়ে মেলে ধরছেন।

এনার বর্তমান অবস্থা দেখে অনুপ্রাণিত আরও অনেকে। কিন্তু তার ফেলে আসা দিনগুলো সহজ ছিল না। যখন অভিনয় শুরু করেছিলেন, তখন অনেকেই ভাবত তিনি খারাপ কাজ করেন। এজন্য তার সঙ্গে মিশতে চাইত না।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে এসে এনা সাহা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনও কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।’

এ কারণে ছোটবেলায় এনার কোনো বন্ধু ছিল না। সে সময় একমাত্র পরিবারই তার পাশে ছিল। বিশেষ করে মায়ের শতভাগ সমর্থন পেয়েছিলেন অভিনেত্রী।

কিন্তু এখন প্রেম দিবসের দিনে তাকে নাকি একসঙ্গে ১৪ হাজার ছেলে বলে, ‘ভালবাসি!’ হাসতে হাসতে নিজেই জানিয়েছেন এনা। তিনি আরও বলেন, ‘এখন মনে হয়, যা হয়, তা ভালোর জন্যই হয়।’

এনার মা বনানী সাহা সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, ছোটবেলা থেকে তার বড় মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা।

ছোট থেকে নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণিতে প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান ‘চিনেবাদাম’ ছবির নায়িকা-প্রযোজক এনা। তার পরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

অভিনেত্রীর ঝুলিতে ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘রাজকাহিনী’, ‘ভূত চতুর্দশী’, ‘এসওএস কলকাতা’র মতো জনপ্রিয় ছবি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *