র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, তারা (ভারত) বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।
যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে তিনি বলেন, তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন যে কোনও উন্নতি না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র্যাবের অভ্যন্তরে রয়েছে।
এদের অনেকেই শাস্তি পায় জানিয়ে তিনি বলেন, কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন। বিশেষ বার্তাটির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি একটি বিশেষ বার্তা দেবেন। ভারতীয় পত্রপত্রিকা বলছে, তিনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন। এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ জানানো হবে।’
ড. মোমেন আরও বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যবিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয় রয়েছে।’
উল্লেখ্য, এই সফরে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
