বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল: ভাবনা

২০১৭ সালে মুক্তি পায় আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। সেই সিনেমায় ‘ফিরব না আর বাড়ি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনিমেষ আইচ পরিচালিত সিনেমার গানটির জন্য বেশ প্রশংসাও পান গায়িকা-নায়িকা।

গত বছর মুক্তি পায় ভাবনার দ্বিতীয় সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুটি’। তবে সেখানে কোন গান ছিল না।

এবার ভাবনা অভিনয় করছেন নিজের তৃতীয় সিনেমা ‘দামপাড়া’য়। আর এই সিনেমার একমাত্র গানটিতেও কণ্ঠ দিলেন মমতাজ।

গত ২৪ এপ্রিল রাতে ইমন চৌধুরীর নিকেতনের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন আনন জামান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। প্রথম দুটি লাইন-‘নাই কোথাও তুমি নাই বুকের শূন্যতায়/মুনিয়ার ঝাঁক ছটফট ডানা ঝাপটায়’।

গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। আর তাই তো গানটির রেকর্ডিংয়ে হাজির হন তিনি। রেকর্ডিং শেষে মমতাজকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবিও তোলেন। যা প্রকাশ করেন নিজের ফেসবুকে।

ভাবনা গণমাধ্যমকে বলেন, ‘গানটি শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। গানটির কথা ও সুরে মোহিত হয়ে যাচ্ছিলাম। সিনেমার শুটিংয়ের আগে গানের রেকর্ডিংয়ে ছিলাম। গানটির আবেগের সঙ্গে মিশে গেছি। কিছুদিন পর গানটার যখন শুটিং হবে, আশা করছি আমার এই অভিজ্ঞতা সেখানে কাজে লাগাতে পারবো।’

তিনি আরও বলেন, ‘মমতাজ আপা আমার জন্য অনেক লাকি। আমার প্রথম সিনেমায় তার মায়াময় এবং শক্তিশালী গায়কীতে মুগ্ধ ছিলাম। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *