শিশুশিল্পী দীঘির কথা কার না মনে আছে। মিষ্টি হাসি আর আর সংলাপে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেটা তো বহু বছর আগের কথা।
দিন গেছে, দীঘিও হয়েছেন বড়। এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত একাধিক সিনেমাও মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আলোচিত কিছু সিনেমার কাজ।
পেশাগত কাজের পাশাপাশি এখন দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়। অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে, তিনি নাকি ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে প্রেম করেন। বিভিন্ন সময় তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে। রটেছে নানা মুখরোচক খবর।
তবে তারা সবসময় নিজেদের সম্পর্ককে ‘বন্ধু’ সম্বোধন করেছেন। এবার সেই দীঘিকে নিজের ‘ছোট বোন’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন আফ্রিদি।
রোববার (২৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি, দীঘি এবং তাদের কিছু বন্ধু। সঙ্গে ছিলেন আফ্রিদির মা। সেখানে দেখা যায়, আফ্রিদির মা সবাইকে নিজের হাতে তুলে খাইয়ে দিচ্ছেন। তিনি যখন দীঘিকে খাওয়াচ্ছিলেন তখন আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, দীঘি তোমার ছোট বোন ওকে শপিং করিয়ে দিবে, ঈদের সালামি দিবে। দীঘিও সেই সুরে তাল মেলান। সে সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, দীঘি আমার ছোট বোন। আফ্রিদির মা’ও দীঘিকে ছোট মেয়ে বলে সম্বোধন করে। সে দীঘির দিকে পা বাড়িয়ে দিয়ে সালাম করতে বলে আফ্রিদি। দীঘিও তাকে সালাম করতে উদ্যত হয় তবে খাওয়ার সময় সালাম করা থেকে বিরত থাকেন। দীঘিকে বলতে শোনা যায়, লাইভে সবাই সাক্ষী থাকলো তুই আমাকে সালামি দিবি।
সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টায় আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসছে ৯৯ নম্বর ভ্লগ। মূলত সেটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাতেই লাইভে আসেন তিনি। ৬ মিনিট ৩৬ সেকেন্ডের লাইভটিতে প্রমোশনের পাশাপাশি তাদের সবাইকে বেশ মজা করতে দেখা গেছে।
উল্লেখ্য, একক হিসেবে দেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলে ৪৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
