বিশ্ব দরবারে ইরানি সিনেমার কদর উল্লেখযোগ্য। অস্কারের মতো আসরে হরহামেশা পুরস্কার জিতে নেয় দেশটির সিনেমা। ওই দেশেরই গুণী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সম্প্রতি তিনি বাংলাদেশে একটি সিনেমা নির্মাণ করেছেন। যেখানে মুখ্য ভূমিকায় আছেন জয়া আহসান।
বেশ কিছুদিন আগেই মুর্তজা-জয়ার এই প্রজেক্ট সম্পর্কে জানা যায়। তবে তারা বিস্তারিত কিছুই প্রকাশ করেননি। অবশেষে সাংবাদিক সম্মেলন করে জানালেন, সিনেমাটির নাম ‘ফেরেশতে’। সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবও দেন নির্মাতা-শিল্পী।
জয়ার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন মুর্তজা অতাশ জমজম। নিজের মাতৃভাষায় তিনি জয়ার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি ইরানের সুপারস্টারদের সঙ্গেও তুলনা করতে কার্পণ্য করেননি।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোন সুপারস্টার শিল্পীর সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনো অংশে কম নয়। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন, দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এককথায় আমি মুগ্ধ। ’
মর্তুজা আরো জানান, ‘ফেরেশতে’ সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়িত হচ্ছে বাংলা ভাষায়। পরে ডাবিং করে ইরানে এটি দেখানো হবে।
অনুষ্ঠানে নিজের মাতৃভাষা ফারসিতে কথা বলেন মর্তুজা। তার কথা বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কোলকাতা কিছু সিনেমার শুট শেষ করে ফিরেই ‘ফেরেশতে’র কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারিনি। ২৫ দিন আমরা ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং করেছি। কাজ করতে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে।
তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই অভিনেত্রী। তবে জানিয়েছেন, সমাজে সবার খুব কাছের-এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। যে চরিত্রটার দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে। তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
