নিপুণকে ৩টি প্রশ্ন করতে চান জায়েদ খান

গেল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে পরাজিত করে জয়লাভ করেন জায়েদ খান। পরবর্তী সময়ে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান।

এর বিরুদ্ধে আদালতে আপিল করেন জায়েদ। জায়েদের প্রার্থিতা ফেরত পেলে আবারও আপিল করেন নিপুণ। কিন্তু পরবর্তী সময়ে আবার আপিল করলে জায়েদ ফিরে পান পদ। কিন্তু উচ্চ আদালতে আবারও আপিল করেন নিপুণ। সেই আপিলের শুনানি এখনো হয়নি, যা নিয়ে দুই প্যানেলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে।

এদিকে আদালতের রায় মেনে জায়েদ খান শিল্পী সমিতির কার্যকলাপ থেকে দূরে থাকলেও প্রকাশ্যে দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা নিপুণ। যা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন জায়েদ খান, কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

এদিকে সম্প্রতি জায়েদ খান তার পেশাগত ও ব্যক্তিজীবন নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে শিল্পী সমিতি প্রসঙ্গে নিজস্ব অভিমত তুলে ধরেছেন।

আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক নায়কের কাছে জানতে চান, যদি নিপুনকে তিনটি প্রশ্ন করতে বলা হয় তাহলে কোন তিনটি প্রশ্ন তিনি করবেন?

চলুন জেনে নেয়া যাক জায়েদ খান নিপুনকে যে তিনটি প্রশ্ন করতে চান-

প্রথমত- আপনি তো নির্বাচিত হননি, তারপরও যে কাজগুলো করছেন আপনার কী আত্মসম্মানে লাগছে না?

দ্বিতীয়ত- শিল্পী হিসেবে সমস্ত মানুষকে হাসাচ্ছেন, নিয়ম বহির্ভূতভাবে নির্বাচিত হয়েছেন, আবার সেখানে গিয়ে বসছেন। শিল্পীদের তো বিবেক অনেক বড়, সেই জায়গা থেকে কী আপনার খারাপ লাগে না? আপনার মনে হয় না, আমি এই কাজটি কেন করছি? কেন জোর করে যাচ্ছি?

তৃতীয়ত- প্রচুর মিথ্যা তথ্য আর মিথ্যা কথা বলেন, শিল্পীদের নিচে নামিয়ে আপনি কোন বড় জায়গায় গিয়ে বসছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *