ভারতীয় বাংলা ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র প্রথম সিজন ছিল বেশ আলোচিত। এবার আসতে চলেছে এর দ্বিতীয় সিজন। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নীলকুঠির যৌ’নকর্মী হিসেবে সিরিজটিতে হাজির হবেন তিনি।
২৯ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই-‘মন্টু পাইলট ২’ প্রকাশ পাবে। এটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। কলকাতার আলোচিত এই সিরিজের ট্রেলার ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। প্রকাশিত হয়েছে গানও। সবগুলোই পেয়েছে আশানুরূপ সাড়া।
‘মন্টু পাইলট ২’ মুক্তি উপলক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যতিক্রম এক ভিডিও ইন্টারভিউ দিয়েছেন মিথিলা। যেখানে তিনি কথা বলেছেন সিরিজের চরিত্র তথা বহ্নি কিংবা পরী হয়ে।
এক ব্যক্তি বহ্নিরূপী মিথিলার কাছে তার পরিচয় জানতে চান। জবাবে মিথিলা বলেন, ‘পরিচয়! আমি নিজেই তো আমার পরিচয় জানি না। বলা উচিৎ আসল পরিচয়; আমার নাম বহ্নি। পরীও বলতে পারেন। নীলকুঠির বিবিজানের দেওয়া নতুন নাম পরী।’
ওয়েব সিরিজটিতে দেখা যাবে, ঘটনাক্রমে নীলকুঠি যৌনপল্লিতে চলে আসেন মিথিলা। এরপর তার জীবন পুরোপুরি বদলে যায়। অকল্পনীয় এক অধ্যায়ের মধ্যে ঢুকে পড়েন তিনি।
এ বিষয়ে ওই ভিডিও কথোপকথনে অভিনেত্রী বলেন, ‘নীলকুঠির গলিটা নাকি নদীর মতো। কেউ নাকি এই দুনিয়া থেকে বের হতে পারে না। জীবনের কখন কোন মোড় থেকে কোন গল্প শুরু হয়, কেউ কি জানে? আমার ক্ষেত্রেও তাই। বিদেশ যাচ্ছিলাম। কত নতুন স্বপ্ন, কত নতুন আশা। কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? আমারও হয়নি।’
মন্টু পাইলটের মাধ্যমে নীলকুঠিতে চলে আসেন মিথিলা। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘যার হাত ধরে এই দুনিয়ায় এসে পড়লাম, সে মন্টু। হ্যাঁ মন্টু পাইলট। একটু কান পাতলেই যার কথা নীলকুঠির অলিতেগলিতে শোনা যায়। মন্টু বলে, নীলকুঠিতে থাকলে নাকি শরীর বেচার সঙ্গে সঙ্গে হাহাকার ভরা কান্নার চিৎকারও শোনাতে হয়। কিন্তু আমি পরী। নাম বদলালেও সত্তাটা তো একই। আমি কাঁদি না, কাঁদতে পারি না, আমি কাঁদবোও না।’
