কালও বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম

এপ্রিলে বাংলাদেশের আবহাওয়ার ধরনটাই এমন। এই রোদঝলমলে আকাশ, আবার কিছুক্ষণের মধ্যে আকাশজুড়ে কালো মেঘ।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে খটখটে রোদ। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। দুপুরের পরে রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া।

নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত থাকতে পারে শনিবারও, তবে এদিন বাড়বে তাপমাত্রা, বাড়বে গরমও।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সারাদেশের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আজকের তুলনায় তাপমাত্রা বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *