নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড

এম, এ মুহিত, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের দায়ে সুমন আহমদ (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে সুমন আহমদ মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। আজ দুপুরে পুনরায় তাঁদের মারধর করেন সুমন।

পরে বাবা-মায়ের অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *