আমি টাকা গুনতে পারি না: রোজিনা

ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা রোজিনা। তার অভিনয় ও রূপে বুদ হয়েছেন দর্শক। এই অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম সুপারহিট সিনেমা ‘রাজমহল’। সে সময় ওই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১৫ থেকে ২০ হাজার টাকা। খুবই সাধারণ চলাফেরা ছিলো তার।

ওই সময়ের স্মৃতিচারণ করে রোজিনা বলেন, ‘ক্যারিয়ারের প্রথম তিন বছর বেবি ট্যাক্সিতে চেপেই শুটিং স্পটে যেতাম। টাকার পেছনে কখনো ছুটিনি। এমনকি শুরু থেকে আজ পর্যন্ত আমি টাকা গুনতে পারি না।’

বয়স ৬০-এর কোঠায় পৌঁছালেও এখন রূপে অনন্য রোজিনা। নিজের শরীর চর্চা প্রসঙ্গে তিনি জানান, ”মাছে-ভাতে বাঙালি কথাটি সত্য হলেও ‘ভাত’ কখনো আমাকে টানেনি। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে আমি রাতে কখনো ভাই খাইনি। চিকেন স্যুপ, ছোট মাছ, ব্রাউন ব্রেড আমার প্রিয় খাবার। সুযোগ পেলেই সাইক্লিং বা ইয়োগা করি, ট্রেডমিলে দৌড়াই।”

সম্প্রতি নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেছেন রোজিনা। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় তুরস্কের নকশায় নির্মিত মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। গত ১ এপ্রিল দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।

প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মসজিদের নির্মাণকাজ শেষ হতে সময় লেগেছে দুই বছর।

উল্লেখ্য, চার দশকের ক্যারিয়ারে ‘রঙিন রূপবান’, ‘রাজনন্দিনী’, ‘রাজকন্যা’, ‘ রাজসিংহাসন’,‘ আলীবাবা সিন্দাবাদ’,‘নাগপূর্ণিমা’সহ বেশ কয়েকটি লোককাহিনি নির্ভর চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন রোজিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *