শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতের সময় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আধাপাকা বাড়ি বিধ্বস্ত হয়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার (৩০) ও আব্দুল গনির স্ত্রী আফিলা বেগম (৪৮)।
স্থানীয়রা জানান, বুধবার ভোর রাতে বৃষ্টিসহ বজ্রপাত হয়। সে সময় বোরহান উদ্দিনের বাড়িতে অবৈধ আতশবাজি তৈরির কারখানায় বজ্রপাত ঘটায় বিস্ফোরণ হয়। এতে আধাপাকা ঘরের ৩টি রুম সম্পূর্ন বির্ধ্বস্ত হয়ে যায়। এবং আতশবাজি তৈরির দুই নারী শ্রমিক ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নান্দাইল মডেল থানা পুলিশ ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করেন।
এ ভয়াবহ দুঘর্টনার সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য, গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, নিহত দুই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
