Home বিনোদন পদত্যাগের প্রশ্নই আসে না: ডিপজল

পদত্যাগের প্রশ্নই আসে না: ডিপজল

0
141

বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। এ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনেকে বলছেন, ডিপজলকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। তা না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে ডিপজল বলছেন ভিন্ন কথা।

ডিপজল বর্তমানে সিঙ্গাপুর আছেন। সেখান থেকে সংবাদমাধ্যমকে জানান, ‘এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন।’

ডিপজল বলেন, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করবো। এতে সাংগঠনিক কোনো বাধা নাই। আমার বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা ঠিক নয়। আমি পদত্যাগ করবো এমন কোনো কথা কাউকে বলিনি।’

এদিকে ডিপজল সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন মিয়াভাইখ্যাত চিত্রনায়ক ফারুকের সঙ্গে দেখা করেছেন। বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ফারুক ভাই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। খুব শিগগিরই দেশে ফিরবেন। ডিপজলও চেকআপ শেষে ঈদের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি ডিপজল। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। যদিও এবারের নির্বাচন নিয়ে নাটকীয়তার অন্ত নেই। এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি ঝামেলা।

কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়া নায়ক রুবেলও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগ কার্যকর হয়েছে কিনা, সেটা জানা যায়নি। অনেকদিন ধরে তিনি সমিতির কোনো কার্যক্রমেই অংশ নিচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here