চার দশকের বেশি সময়ের ক্যারিয়ার চিত্রনায়িকা রোজিনার। অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন। তবে সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি; আর তা হলো, ৪০ বছরের বেশি সময় ধরে তিনি রাতে কখনো ভাই খাননি।
মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ উপস্থিত হয়ে নিজের শরীর চর্চার ব্যাপারে রোজিনা বলেন, ‘‘মাছে-ভাতে বাঙালি কথাটি সত্য হলেও ‘ভাত’ কখনো আমাকে টানেনি। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে আমি রাতে কখনো ভাই খাইনি। চিকেন স্যুপ, ছোট মাছ, ব্রাউন ব্রেড আমার প্রিয় খাবার। সুযোগ পেলেই সাইক্লিং বা ইয়োগা করি, ট্রেডমিলে দৌড়াই।’
অনুষ্ঠানটিতে রোজিনা জানান, ‘জানোয়ার’ ছিল চলচ্চিত্রের ক্যামেরায় তার প্রথম কাজ। এতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য সে সময় ১০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ‘রাজমহল’ ছিল তার প্রথম সুপারহিট সিনেমা।এতে অভিনয়ের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা পেয়েছিলেন।
শুরুর দিনগুলোর কথা স্মরণ করে রোজিনা বলেন, ‘ক্যারিয়ারের প্রথম তিন বছর বেবি ট্যাক্সিতে চেপেই শুটিং স্পটে যেতাম। টাকার পেছনে কখনো ছুটিনি। এমনকি শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো টাকা গুণতে পারি না।’
রুম্মান রশীদ খান ও খালেদা’র উপস্থাপনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন, সকাল ৭ টায় মাছরাঙা টেলিভিশনে।
