এডিসি হারুনের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

গুলি আছে কি-না জানতে চেয়ে সহকর্মীকে এডিসি হারুনের থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে। এ অবস্থায় সংশ্লিষ্ট ডিসি রিপোর্ট করলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (২০ এপ্রিল) এ বিষয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এমন কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঠিক কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে ধাপ্পড় মেরেছেন সেই ভিডিও আমি দেখিনি। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের আচরণ ও অবস্থান ছিল ব্যবসায়ীদের পক্ষে- এ সম্পর্কে তিনি বলেন, এটি অমূলক, একদম ভিত্তিহীন অভিযোগ। এগুলো তদন্ত বা খতিয়ে দেখার প্রয়োজন নেই। ১০ তলা ভবনের উপরে উঠে কারা পুলিশের ওপর হামলা করেছে?

তিনি বলেন, প্রথমে আমরা চেষ্টা করেছি, সাবেক ও বর্তমান শিক্ষক, কলেজ শিক্ষক, সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের মাধ্যমে ছাত্রদের ভেতরে প্রবেশ করানোর। আর ব্যবসায়ী নেতাদের মাধ্যমে ব্যবসায়ী-শ্রমিকদের ভেতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ছাত্র এবং ব্যবসায়ীদের যখন নিবৃত্ত করতে পারিনি তখন পুলিশ অ্যাকশনে গেছে। যখন দেখেছি কেউ কথা শুনছে না তখন আমরা অ্যাকশনে গেছি। পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। একটা ছাত্র আহত হওয়ায় সারা ঢাকা শহরে আগুন জ্বলে গেল! পুলিশের আসলে কোনো লাভ নেই। আমরা চাই না সংঘাত হোক, কেউ আহত হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *