হিজাব ও পোশাক নিয়ে সেই নোটিশ প্রত্যাহার, জাতির কাছে ক্ষমা চাইলেন জনস্বাস্থ্য পরিচালক

নজর২৪, ঢাকা- জনস্বাস্থ্য ইন্সটিটিউটে কর্মরত মুসলমান নারীদের পর্দা ও পুরুষদের টাকনুর ওপর কাপড় পরিধানের নিদের্শনা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি এ নির্দেশনাটি সবার জন্য দিইনি। শুধু মুসলিম নারী-পুরুষের জন্য দিয়েছিলাম।

 

মুহাম্মদ আবদুর রহিম বলেন, গত কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে দেখে আমি খুবই বিস্মিত। ধর্ষণে কবীরা গুনাহ হয়। আমি চিন্তা করলাম, আমাদের জন্য কত সহজ যে আমরা কবীরা গুনাহ এভয়েড করতে পারি। টাকনুর নিচে পুরুষ কাপড় পড়বে, আর মহিলারা টাকনুর নিচে কাপড় পড়বে।

 

তিনি বলেন, ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, এটা চাপিয়ে দেয়া নয়। এটা তার জ্ঞানগর্ভে একটু নাড়া দেয়া। মুসলমানরা জানেন, টাকনুর নিচে কাপড় পড়লে কী হয়।

 

জনস্বাস্থ্য পরিচালক বলেন, এটা তো আমি ফেসবুকে দেই নাই, এটা আমি দিয়েছি, আমার ইন্সটিটিউটে আমার স্টাফরা যাতে কবীরা গুনাহ থেকে বাঁচে।

 

শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়কে ভেবেচিন্তে জবাব দেব। মন্ত্রণালয়ের চিঠিটা তো আমাকে ভেবেচিন্তে লিখতে হবে।’

 

ডা. আবদুর রহীম বলেন, ‘আমাকে ডিজি স্যার বলেছেন, তুমি এরকম চিঠি দিয়েছো তা বাতিল করো তখনই আমি তাৎক্ষণিক বাতিল করে দিয়েছি। আমি এজন্য গোটা জাতির কাছে দুঃখিত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না-এই প্রতিজ্ঞাও করেছি।’

 

এর আগে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসের মুসলিম পুরুষ কর্মকর্তা/কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে টাখনুর উপর ও মহিলা কর্মকর্তা/কর্মচারীদের টাখনুর নিজে জামা পরিধান করাসহ মুসলিম মহিলাদের হিজাব পরিধান করে ও পর্দা মেনে অফিস করার নির্দেশ দিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।

 

এরপরই আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়।

 

শোকজে বলা হয়, অফিসের মুসলিম পুরুষ কর্মকর্তা/কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে টাখনুর উপর ও মহিলা কর্মকর্তা/কর্মচারীদের টাখনুর নিজে জামা পরিধান করাসহ মুসলিম মহিলাদের হিজাব পরিধান করে অফিস করার নির্দেশ এবং পর্দা মেনে চলার বিজ্ঞপ্তি কোন বিধিবলে ও কোন আদেশক্রমে দেয়া হয়েছে তা আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যাসহ জবাবা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *