নিজেদের মধ্যে দ্বন্দ্ব: সিনেমার প্রচারণায় নেই শাকিব খান

ঢালিউডের কিং খানখ্যাত নায়ক শাকিব খান। ঈদ মানেই কিং খানের সিনেমা। করোনা সংকটে দুই বছর সবকিছু যেমন বন্ধ ছিল তেমনি ভাটা পড়েছিল চলচ্চিত্র অঙ্গনেও। যেহেতু এবার ঈদে সবকিছুই মোটামুটি শিথিল অবস্থায় আছে, সে বাতাস লাগে বাংলা সিনেমা জগতেও।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা, যার মধ্যে বিভিন্ন সময় ‘গলুই’ সিনেমার প্রচারণায় অংশ নিলেও ‘বিদ্রোহী’র প্রচারণায় দেখা যায়নি ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে।

যুক্তরাষ্ট্রে অবস্থান করায় প্রচারণায় অন্তর্জালে ভরসা রাখছেন শাকিব খান। ফেসবুক ও ইনস্টাগ্রামজুড়ে ‘গলুই’ সিনেমা নিয়ে একাধিক পোস্ট দেখা গেলেও ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে এখনও আপডেট জানাননি নায়ক।

শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও অভিষেক হতে যাওয়া সুচিস্মিতা মৃদুলা।

শাকিব কেন ‘বিদ্রোহী’ সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন না? এমন প্রশ্নে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘আমরা জানি না, চুক্তির সময়ই প্রচারণার বিষয়টি ছিল। তবুও দেশের শীর্ষ নায়ক হয়ে নিজের সিনেমার প্রচারণা করছেন না কেন, সেটা আমাদের জানা নেই। এসব কারণেই আমাদের দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’

প্রচারণা নিয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নে এই কর্মকর্তার উত্তর, ‘না, আমরা যোগাযোগ করতে পারিনি। উনি এখন দেশের বাইরে আছেন, দেশে ফিরলে উনি প্রচারণায় অংশ নেবেন বলে আমরা এখনও আশা করছি।’

তবে অনুসন্ধান বলছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বে ‘বিদ্রোহী’ সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন না শাকিব খান। সেই সঙ্গে আছে, সিনেমাটির নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হওয়ার চার বছর পর মুক্তির ব্যাপারটি।

যদিও এ প্রসঙ্গে শাকিব খান ও তাঁর ঘনিষ্ঠরা আনুষ্ঠানিক কোনও মক্তব্য করতে রাজি নন। এর আগে একাধিকবার গণমাধ্যমে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও শাকিব খান পরস্পরবিরোধী মন্তব্য করেছেন।

একাধিক ইস্যুতে দীর্ঘদিন ধরে শাপলা মিডিয়া ও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের মধ্যে সম্পর্কে জটিলতা রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *