গতকাল ১৮ এপ্রিল রাজধানীর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় পঞ্চগড় জেলা সমিতি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। ঢাকা অবস্থানরত পঞ্চগড় জেলার সকল স্তরের প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত হয় এই মিলন মেলায়। দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের এমন উপস্তিতি ছিল চমকে দেয়ার মত।
পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, সাবেক সাংসদ নাজমুল হুদা। এছাড়াও বর্তমান সাংসদ মজাহারুল হক প্রধান উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কাজের জন্য তিনি উপস্তিত হতে পারেন নি।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সারাদেশে আমাদের পঞ্চগড়ের মানুষ সুনামের সাথে দল-মত নির্বিশেষে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় জেলা সমিতি সকলের মধ্যে এই চমৎকার সেতুবন্ধন তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছে। আমরা আওয়ামী লীগ বা বিএনপি তার আগে আমাদের পরিচয় আমরা পঞ্চগড়ের মানুষ। সকলকে এক সাথে দেখতে খুব ভাল লাগছে। পঞ্চগড়-রংপুর একটি লোকাল ট্রেন চালুর কথা চলছে। ঢাকা থেকে চিলাহাটি-হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি পর্যন্ত ভারতের সঙ্গে যোগাযোগের জন্য ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন শীঘ্রই চালু হবে।
সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বলেন- পঞ্চগড়ের মানুষ ঢাকায় এলে যেন সমস্যার সমুক্ষীন না হয় সেদিকে সমিতির নজর রাখতে হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের থাকার সু-ব্যবস্থা করার অনুরোধ করছি। পঞ্চগড়ের এবং পঞ্চগড়ের মানুষের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে পঞ্চগড় জেলা সমিতি বলে আমি আশাবাদী।
পঞ্চগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন- আমাদের পরিচয় আমরা পঞ্চগড়ের মানুষ। পঞ্চগড়ের উন্নয়নে কাজ করব। আমাদের মাঝে ভাতৃত্বের সেতুবন্ধন ও পঞ্চগড়ের উন্নয়নের সার্থকতা নিয়ে কাজ করবে আমাদের এই সংগঠন।
সভায় উপস্তিত ছিলেন- পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহমুদুর রহমান ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
