পর্দা মেনে অফিস করার বিজ্ঞপ্তি দেওয়ায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ

নজর২৪ ডেস্ক- জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) বিকালে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

 

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-দুই) শারমিন আক্তার জাহানের সইকরা শোকজ নোটিশে বলা হয়, ‘আপনি পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা নিজ স্বাক্ষরে গত ২৮.১০.২০২০ তারিখের ৯২৭ সংখ্যক পত্র অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো— মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।’

 

নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায় অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো মর্মে জারিকৃত বিজ্ঞপ্তিটি কোন বিধিবলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে, তার স্পষ্টিকরণ ও ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো।’

 

এর আগে গত বুধবার (২৮ অক্টোবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইন্সটিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষকে পর্দা মেনে চলার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ আবদুর রহিম একটি বিজ্ঞপ্তি দেন। পরিচালক বিজ্ঞপ্তিতে বলেছেন, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তিটির বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *