ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার- বাক্যটা তাদের ক্ষেত্রে দারুণভাবে মানায়। বিপদে কিংবা আনন্দে একে-অপরের পাশে সর্বদা থাকেন। একজনকে বলা হয় বলিউডের বাদশাহ, অন্যজন বলিউডপ্রেমীদের ভাইজান। হ্যাঁ, তারা হলেন শাহরুখ খান ও সালমান খান।
সদ্য একটি ইফতার পার্টিতে অংশ নিয়ে নজর কেড়েছেন এই তারকাদ্বয়। কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হন কিং খান ও সুলতান। মুহূর্তেই সমস্ত আকর্ষণ এসে পড়ে তাদের ওপর। ইন্টারনেট জগতেও ভাইরাল হয়ে গেছে তাদের ছবি-ভিডিও।
মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী প্রতিবছরই ইফতার পার্টির আয়োজন করেন। সেখানে হাজির হন বলিউডের তাবড় তারকারা। খোদ শাহরুখ-সালমানও চলে আসেন। মাঝে করোনার কারণে দুই বছর এই পার্টির আয়োজন হয়নি। দু’বছর বিরতির পর ফের জমকালো ইফতারের ব্যবস্থা করেছেন এই রাজনীতিবিদ।
এবারের পার্টিতে শাহরুখ খান আসেন কালো রঙের পাঠানি স্যুট পরে। আর সালমানের পরনে ছিল কালো শার্ট ও ব্লু ডেনিম। তারা ছাড়াও পার্টিতে উপস্থিত হন জারিন খান, শিল্পা শেঠি, তামান্না ভাটিয়া, হিনা খান, এশা গুপ্তাসহ আরও অনেক তারকা।
এর আগে, ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেই সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। সেসময় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঘটা ছোট একটি ঘটনা থেকেই মনোমালিন্যের শুরু। এমনকি দীর্ঘসময় বন্ধ ছিলো মুখ দেখাদেখি। যদিও সেসব ভুলে পুরনো বন্ধুত্বে ফিরেছেন দুই খান। গত বছর শাহরুখের ছেলে গ্রেপ্তারের পর বন্ধুর সঙ্গে বিভিন্ন জায়গায় ছুটেছেন সালমান। একসঙ্গে পর্দায়ও দেখা যাবে তাদের।
