পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে পাঁচ বিঘা জমির তরমুজ চুরি ও নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিন ঘুরে জানা যায়, মাজেদুল ইসলাম, আব্দুস সালাম, আল আমিন ও লাভলু নামে চারজন যৌথভাবে প্রায় চার মাস আগে পাঁচ বিঘা জমিতে তরমুজের আবাদ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষেতের তরমুজ বিক্রির উপযুক্ত হতো। এরই মধ্যে গত ১৩ এপ্রিল রাতে আবহাওয়া ভাল না থাকায় খেত পাহাড়ায় কেউ ছিলেন না। এই সুযোগে রাতে প্রায় আট শতাধিক পরিপক্ক তরমুজ চুরি হয়ে যায়। অপরিপক্ক আরো প্রায় দুই শতাধিক তরমুজ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তরমুজ চাষীরা।
চাষীদের একজন মাজেদুল ইসলাম জানান, চার মাস ধরে পরিশ্রম করে সার বাকীতে এনে তরমুজ ক্ষেতের পরিচর্যা করলাম। এক রাতেই আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। এখন সারের দোকানের দুই লাখ ৬০ হাজার টাকা কিভাবে পরিশোধ করব তা বুঝতে পারছি না।
আরেক চাষী আব্দুস সালাম জানান, মাত্র একবার ১৪ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রায় ছয় শতাধিক তরমুজ বিক্রির উপযোগী হতো। কিন্তু ক্ষেতে বিক্রির মতো যা তরমুজ ছিল চুরি হয়ে গেছে। আমাদের পুরো বিনিয়োগ হারিয়ে ফেলায় ধার-দেনা কিভাবে শোধ করব বুঝতে পারছি না।
আব্দুস সালাম বলেন, দুর্বৃত্তরা ধরা পড়বে কিনা জানি না। তবে আমাদের যা ক্ষতি হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আব্দুস সালাম।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী জানান, ঘটনাটি শুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের থানায় অবগত করার পরামর্শ দিয়েছি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
