আলিয়ার পছন্দের গানে নেচে মাতালেন রণবীর

ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত না থাকলেও বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধবসহ অতিথিদের তালিকায় ছিলেন সবমিলিয়ে ৫০ জন। মুম্বাইয়ের বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হলো।

বলিউডের প্রভাবশালী দুই পরিবারের এই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি ছিল না। তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে তারা যতটা জানিয়েছেন ততটাই জানতে পেরেছে সবাই। এবার প্রকাশ্যে আসলো রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেহেদি এবং সঙ্গীতানুষ্ঠানের ছবি। কেবল তা-ই নয়, জানা গেল অনুষ্ঠানের অন্দরমহলের খুঁটিনাটিও। জানালেন কনে আলিয়া নিজেই।

অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গা-চোলিতে সেজেছিলেন আলিয়া। গলায় ছিল কুন্দনের চোকার। কপালে মাঙ্গটিকা। হাতে ফুলের মালা। গোলাপি কুর্তা আর পঞ্জাবিতে সেজেছিলেন রণবীর।

ছবির সঙ্গে আলিয়া লেখেন, মেহেদির দিনটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে সময় কেটেছে। প্রচুর ফ্রেঞ্চ ফ্রাইজের সঙ্গে বরপক্ষের নাচ দেখার সুযোগ পেয়েছি।

অনুষ্ঠানে গান চালানোর দায়িত্ব নিয়েছিলেন রণবীর-আলিয়ার বন্ধু, পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর রণবীর তাকে আলিয়ার পছন্দের গান চালানোর নির্দেশ দিয়েছিলেন। নাচের পারফরম্যান্সে যোগ দিয়েছিলেন রণবীর, তার মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, চাচাতো বোন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর প্রমুখ। বরপক্ষের পা মেলানোর ছবিও দিয়েছেন আলিয়া।

মেহেদির ছবিগুলির সঙ্গে আলিয়া লেখেন, কয়েকটি নীরব মুহূর্ত, আবেগ, চোখে জল— এমন ভাবেই সময় কাটালাম আমার ভালাবাসার সঙ্গে। জীবনে কয়েকটি দিন এমনও যায়।

দু’টি ছবিতে আলিয়া এবং রণবীরের প্রেমের গল্প স্পষ্ট হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, রণবীরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন আলিয়া। দু’জনের নাক একে অপরকে স্পর্শ করে রয়েছে। অন্য ছবিতে কেবল আলিয়ার মুখ স্পষ্ট। রণবীরের পেছন থেকে ছবিটি তোলা হয়েছে। আলিয়া জাপটে জড়িয়ে ধরেছেন তার ভালাবাসাকে। এই দু’টি ছবিই সাদা কালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *