শনিবার বিকেলে ততক্ষণে সূর্য কিছুটা হেলে পড়েছে। কাজ শেষ করে সবাই ছুটছেন প্রিয় মানুষের সঙ্গে ইফতার করার উদ্দেশে। এই ছুটে চলা থমকে দিচ্ছে জ্যাম। সেই জ্যামে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক কাওরানবাজার মোড়ে সাদা পাঞ্জাবি পরা একজনকে দেখা যাচ্ছে ইফতার বিরতণ করতে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের ইফতার দিচ্ছেন তিনি।
মুখে মাস্ক, সে কারণে চেনার উপায় নেই। কাছে যেতেই দেখা গেল যিনি এই কাজ করছেন তিনি পরিচিত মুখ; জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।
এই চিত্রনায়ক জানিয়েছেন, “কয়েক দিন আগে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। একজন ট্রাফিক পুলিশ এক হাতে দায়িত্ব পালন করছেন, অন্য হাত দিয়ে পানি দিয়ে ইফতার করছেন। সেটা দেখে আমাদের ‘শান’ টিম এই উদ্যোগ নিয়েছে। আজ আমরা ঢাকার বেশ কয়েকটি এলাকায় ট্রাফিক পুলিশ ভাইদের ইফতার বিতরণ করছি। এটা সিনেমা প্রচারণার জন্য নয়।”
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ সিনেমা। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরী। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।
