রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে নির্যাতনের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন— যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল মো. শওকত আলী ও নারী কনস্টেবল নবনীতা বনসেন। এছাড়াও তাদের সঙ্গে দায়িত্বরত আনসার বাহিনীর এক সদস্যকে বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ির সামনে দেওয়াল তুলে দেয়াসহ নানা অত্যাচারের অভিযোগ এনে ৯৯৯-এ ফোন করে একটি ভুক্তভোগী পরিবার। যাত্রাবাড়ী থানার পুলিশ সেখানে গিয়ে উল্টো ভুক্তভোগীদের মারধর করে এবং তাদের থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়।
এ ঘটনায় শুক্রবার একটি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। সেখানে বাড়ির সিসি ক্যামেরার ছবিতে পুলিশ সদস্যদের মারধরের সুস্পষ্ট প্রমাণ তুলে ধরা হয়।
প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বরখাস্ত করেছে পুলিশ।
