করোনা মহামারীর প্রভাব কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনের দিকে। তাই উৎসব আয়োজনেও ছাড় দিতে চায় না কেউ। বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখও তাই ফিরছে আপন মহিমায়। শোবিজ তারকারাও পিছিয়ে থাকবেন না।
কয়েকজন জনপ্রিয় তারকা জানালেন তাদের পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা-
চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বলেন, নতুন বছর হোক প্রেরণার, উদ্দীপনার। শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক সবার জীবনে। বৈশাখ মানে আমাদের একটা আনন্দের দিন। দুই বছর পর সবাই সেই আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে।
সুপারস্টার শাকিব খান বলেন, বাংলা নববর্ষের আমেজ পুরোপুরি বাঙালি ঘরানার সঙ্গে মিশে আছে। আমি একজন বাঙালি হিসেবে নববর্ষকে সবসময় আমার জীবনের অন্যতম প্রধান আনন্দ-উৎসব। তাই হাজারো ব্যস্ততার মধ্যেও দিনটি পালন করতে ভুলি না। বর্তমানে যেহেতু আমেরিকায় রয়েছি এবং রমজান মাস চলছে, তাই একদিকে রমজানের কারণে ঘটা করে দিনটি পালন করতে পারব না। আর দেশের বাইরে থাকলে বাঙালির প্রাণের এই উৎসবটি তেমনভাবে পালন করা যায় না। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
চিত্রনায়ক বাপ্পি বলেন, পয়লা বৈশাখে আমার শত্রু সিনেমার শুটিং রয়েছে। তাই সেখানেই আমার পয়লা বৈশাখ কাটবে। পয়লা বৈশাখের দিন শুরুতে আমি নিজের অফিসে যাই, এবারও যাব। পয়লা বৈশাখের দিন আগে টাকা বেশি পেতাম, আর এখন নিজে দিই। সেদিন পাঞ্জাবি পরতে ভালো লাগে। সেদিন অনেক লোভনীয় সব খাবারের আয়োজন থাকে।
