প্রিয়দর্শিনী মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত অসংখ্য সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। এবার ঈদেও তাকে দেখা যাবে। তবে সিনেমায় নয় এবার তাকে দেখা যাবে নাটকে।
আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত ‘সন্ধ্যে নামার আগে’ নাটকে দেখা যাবে তাকে। বাবা, মেয়ে ও ছেলের গল্প নিয়ে মূলত এই নাটকটি তৈরি হয়েছে।
নাটকটিতে বাবা মতিউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা-অভিনেতা তারিক আনাম খান। তার মেয়ে সামিয়া চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ছেলে সাম্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার। মৌসুমী আমেরিকা যাবার আগেই এ নাটকের কাজ শেষ করে গেছেন।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমার কাছে গল্পটা ভালো লেগেছে। যে কারণে কাজটি আগ্রহ নিয়ে করেছি। তাছাড়া অনেক দিন ধরেই দর্শকরা আমাকে নাটকে দেখছে না। তাদের কথা ভেবে গল্প পছন্দ হওয়াতে কাজটি করেছি। আশা করছি, ঈদে দর্শকের কাছে এই নাটকটি ভালো লাগবে।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘গল্পটা আমার সঙ্গে মৌসুমী, তৌসিফ এর আগেও অভিনয় করেছে। তবে আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফ এই প্রজন্মের ভালো অভিনেতা। পরিচালক নবীন, তার জায়গা থেকে যতোটা ভালো করা যায় পুরো টিম সেই চেষ্টাটা করেছে। আশাকরি নাটকটি ভালোলাগবে দর্শকের।’
তৌসিফ মাহবুব বলেন, ‘তারিক আনাম খান স্যার এদেশের অভিনয়ে পথিকৃৎ। তিনি আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের অহংকার, গর্ব। তারসঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের। সেই সঙ্গে আমার ভীষণ প্রিয় নায়িকা মৌসুমী আপুর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, তাও আবার ছোট ভাইয়ের চরিত্রে। তিনি যেন আমাকে ছোট ভাইয়ের মতো করেই স্নেহ করলেন। সত্যিই দু’জন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করে আমার অভিনয় জীবনে অনেক বড় প্রাপ্তি হলো।’
