টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। বিজ্ঞাপন আর নাটকের অভিনয়ে অনেক ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী। তবে গত সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন তিনি।
তারপর অবশ্য তাকে পর্দায় আর সেভাবে কখনো দেখাও যায়নি। তবে এবার দীর্ঘদিন পর ফের পর্দায় ফিরতে যাচ্ছেন শখ। কাজ করলেন ঈদের নাটকে।
নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে।
বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’
নাটকটির বিষয়ে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’
আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া।
প্রসঙ্গত, ২০২০ সালের ১২ মে ব্যবসায়ী আতিকুর রহমান জনের সঙ্গে বিয়ে হওয়ার পর শোবিজ থেকে অনেকটাই দূরে চলে যান তিনি। এরপর গত বছরের ২৪ সেপ্টেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র দু’বছরের মধ্যে সেই সম্পর্কে বিচ্ছেদ হয়।
