বছর শেষে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসবে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।
মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে পিয়া বিপাশার অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন আয়োজকেরা। এবারের আসরে বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশের নাটক ও মডেলিংয়ে পরিচিতি পাওয়া পিয়া বিপাশা প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বামীর সঙ্গে বসবাস করেন। কাজ করছেন একটি আইটি প্রতিষ্ঠানে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এবারের আসরে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি; এটি আমার জন্য অনেক বড় ঘটনা। আমি জীবনেও ভাবিনি এরকম একটি জায়গায় অংশ নেব, আমি উচ্ছ্বসিত।
“ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইলে জানিয়েছেন আয়োজকরা।”
