করোনার কারণে দুই বছর রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়নি। এই দুই বছর ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তবে এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।





