নাদিয়া মিমকে নিয়ে নতুন মিশনে মিশু সাব্বির

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সংলাপ ‘মাসুদ ভালো হয়ে যাও’। কারো কোনো দোষ-ত্রুটি পেলেই রসিকতা করে বন্ধুরা বলে ওঠেন – ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।’ কিংবা মজার ছলে বলেন, ‘মাসুদ তুমি কি কোনোদিনও ভালো হবা না?’

যাকে উদ্দেশ্য করে এই সংলাপের অবতারণা সেই মাসুদ ভালো হয়েছে কিনা জানা নেই। তবে এই সংলাপ নিয়ে হয়েছে অনেক কিছুই। আসছে ঈদে আরেক মাসুদকে ভালো হয়ে যেতে বলা হচ্ছে। সেই মাসুদ ছোট পর্দার তারকা মিশু সাব্বির।

প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় মিশু সাব্বির এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন।

নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।

কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।

পরিচালক প্রীতি দত্তের ভাষ্য, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *