৬ দিন পর বিএনপি নেতা ইশরাকের জামিন

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

অগ্নিসংযোগের মামলায় কারাগারে পাঠানোর ৬ দিন পর আজ মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন ইশরাকের পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তৌহিদুর রহমান, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলামসহ আরও অনেকে জামিনের আবেদন করে শুনানি করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

পরে ওইদিন বিকেলে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

মামলা থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলাটি করে। ওই মামলায় ইশরাককেও আসামি করা হয়। পরে ইশরাক ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি।

এরপর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার এজাহারে ইশরাকসহ ৪২ আসামির নাম উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *