প্রশ্ন শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন প্রভা

ক্যারিয়ারের সুসময়ে থাকা অবস্থায় একটি ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই আড়ালে চলে যান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে দমে যাননি তিনি। সব সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়িয়েছেন।

কিন্তু সেই ঘটনা আজও পিছু ছাড়েনি প্রভার। এ নিয়ে সামাজিকমাধ্যমে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় এ অভিনেত্রীকে, যা ব্যথিত করে তাকে। তারপরও শত প্রতিকূলতা অতিক্রম করে নিজের পথেই আছেন তিনি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌। ’

এদিকে ফেলে আসা অতীত নিয়ে প্রশ্ন তোলেন অনেকে; এমন ইঙ্গিত দিয়ে শুক্রবার (০৮ এপ্রিল) ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। ’

এই যন্ত্রণা বোধের কারণ জানতে যোগাযোগ করা হয় প্রভার সঙ্গে। প্রসঙ্গটি তুলতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। নিছক একটি ‘স্টোরি’ দাবি করে এ অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা কেবল একটি ইনস্টা স্টোরি। আপনাদের কি খেয়েদেয়ে কোনো কাজ নেই? আমার কি পার্সনাল লাইফ থাকতে পারে না?’

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখলে সেটা ব্যক্তিগত থাকে না। আপনি নিশ্চয়ই জানেন? উত্তরে তিনি বলেন, ‘আমি নিজের অনুভূতিগুলো ইনস্টাতে প্রকাশ করি। তাছাড়া আমার এ ধরণের অনুভূতির কথা জেনে তো আপনাদের কোনো লাভ নেই। এ বিষয়ে আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথাও বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দিন।’

কেন সাংবাদিক এড়িয়ে চলেন— জানতে চাইলে প্রভা বলেন, ‘আমি নিজের প্রচার চাই না। যারা প্রচার চান, তারাই গণমাধ্যমে কথা বলতে পছন্দ করেন। আমি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি। মানুষ আমার কাজ পছন্দ করছেন। সে কারণে আমার প্রচারণার কেনো দরকার নেই।’

এদিকে চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’

ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *