টালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি। প্রায় ৪০টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, যার বেশির ভাগই সুপার হিট। তাদের জুটি যেমন হিট, তেমনি তাদের বন্ধুত্বের বন্ধনও বেশ শক্ত। তবে সুন্দরী এই নায়িকার প্রেমে পড়েননি বুম্বাদা। আর এটির রচনার আক্ষেপের কারণ।
সম্প্রতি শাশ্বত চ্যাটার্জির অনুষ্ঠানে এসে প্রকাশ্যে আক্ষেপের কথা জানান রচনা। তিনি বলেন, ‘বুম্বাদা আর আমি কম হলেও ৪০টি সিনেমা করেছি। এরপরও তার একবারও মনে হলো না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।’
‘অপুর সংসার’ নামের ওই অনুষ্ঠানে প্রসেনজিতকে শেয়ালের সঙ্গেও তুলনা করেন রচনা ব্যানার্জি। তার মতে, প্রসেনজিতের মতো চালাক, বুদ্ধিমান তারকা টলিউডে আর নেই।
মূলত শাশ্বত জানতে চান, শেয়াল, গাধা ও মুরগি; এই তিনটি প্রাণীর সঙ্গে কোন তিনজন তারকাকে মেলাবেন? জবাবে রচনা গাধার তকমা দিয়েছেন যিশু সেনগুপ্তকে। তার বক্তব্য, ‘যিশু আজ যেটা করছে, সেটা বহু বছর আগেই করতে পারত। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি। কেন করলি না যিশু?’
এরপর শেয়ালের ক্ষেত্রে নাম নেন প্রসেনজিতের। রচনার ভাষ্য, ‘তার মতো বুদ্ধিমান টলিউডে ক’জন আছেন? কোথায়, কীভাবে চলতে হয় খুব ভালো জানেন।’
