নজর২৪, ঢাকা- এবার নতুন অফিস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। নিজেদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে সম্প্রতি আদায় করা গণচাাঁদার টাকা দিয়েই এই অফিস ভাড়া নেয়া হয়েছে বলে জানা গেছে।
এই কার্যালয় মূলত নুর-রাশেদদের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’র কার্যক্রম পরিচালনার জন্য নেয়া হয়েছে বলে জানা গেছে। রাজধানীর পল্টনের জামান টাওয়ারে প্রায় দুই হাজার স্কয়ার ফিট আয়াতনের রুম নিয়ে খোলা হচ্ছে অফিসটি। যার মাসিক ভাড়া ৭০ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান।
তিনি বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমাদের একটি রাজনৈতিক অফিসের খুব প্রয়োজন ছিল। সেজন্যই আমরা এই অফিস নিয়েছি। এখান থেকেই আমাদের সব কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক একাউন্ট থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি দেয়ার নয় দিনের মাথায় ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পায় সংগঠনটি।
রবিবার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাব প্রকাশ করেন রাশেদ খান। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ করে নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।
হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।
রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।
