মৌসুমের শুরু থেকেই তরমুজের দাম চড়া। তবে রমজান আর চৈত্রের খরতাপকে কেন্দ্র করে সবুজ তরমুজেও আগুন লেগেছে।
যে আগুনে নিম্মমধ্যবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তরাই পুড়ে ছারখার। অথচ দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে ইফতারের প্রধান উপকরণ হওয়ার কথা তরমুজ।
পুষ্টিগুণে সমৃদ্ধ এই তরমুজ কয়েক বছর ধরেই রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে কেজি দরে বিক্রি হচ্ছে। এই সুযোগে বিক্রেতাদের মুনাফা চরমে। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি মাপে তরমুজ বিক্রি বন্ধ করা যায়নি।
এ বছরও দেশের অনেক জায়গায় কেজি মাপে ফলটি বিক্রি চলছে। ফলে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ছে।
কেজি মাপে এভাবে তরমুজ বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুকে এই ক্ষোভ প্রকাশ করেন ‘কুলি’ খ্যাত নায়ক।
কেজি মাপে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরণের পন্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’
এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’
