রংপুরে একসঙ্গে ৩ পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধু

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ রিপোর্টার: এবার একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের গৃহবধূ রুজিনা খাতুন। বুধবার সন্ধ্যায় রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিন পুত্র সন্তানের জন্ম দেন।

রুজিনা খাতুন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী এবং তিনি নিজেও ভিডিপির সদস্য।

গোলাম মোস্তফা রাঙ্গা জানান, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। স্ত্রীর হরমনজনিত সমস্যার কারণে পাঁচ বছর পর্যন্ত গর্ভধারণ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বিয়ের পাঁচ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দেন রুজিনা।

দ্বিতীয় বারের মতো আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোনালী রানী মুস্তফীর পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করেন। নিয়মিত কয়েকবার চেকআপ করে ২টি ছেলে সন্তানের কথা জানা গেলেও অন্যটির কথা সিজারের আগ পর্যন্ত জানা যায়নি। অবশেষে বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা।

চিকিৎসক সোনালী রানী মুস্তফীর বলেন, রুজিনার সিজার করেছি। হরমনজনিত কারণে প্রথম সন্তান হওয়ার আগেও আমি চিকিৎসা করেছি। দ্বিতীয় বার গর্ভবতী হওয়ার আগে এবং পরেও আমিই দেখতাম। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। সিজারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা। তবে সন্তানদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *