কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার (৫ এপ্রিল) কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

টাকা নিয়ে সঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগ এনে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

সে মামলায় সে দিনই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেয়া হয়।

তারপর থেকেই কারাগারে ছিলেন শামীমা নাসরিন। বুধবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *