নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে গোয়াল ঘরে দেয়া মশার কয়েল থেকে আগুন লেগে দুই কৃষকের প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দ্বীন ইসলাম জানান, গভীর রাতে কাঠ টিন পুড়ার বিকট শব্দে তাদের ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখতে পান তার গোয়ালঘর পুড়ে ছোট ভাই শাফিজুল ইসলামের বসত ঘরে আগুন জ্বলছে।
পরে ডাক চিৎকারে শাফিজুল স্ত্রী শরিফা আক্তার, মেয়ে জান্নাতসহ ঘর থেকে বেরিয়ে কোন মতে প্রাণ বাঁচায়। এ অগ্নিকাণ্ডে তার পাঁচটি গরু পুড়েছে। একটি মারা গেছে ৩টি গরুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে তার শাফিজুলের ২০ হাত লম্বা একটি চৌচালা বসত ঘর। ঘরের মধ্যে থাকা ধান, চাল, নগদ ৫০ হাজার টাকা সহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জানান, আগুন লাগার পর নান্দাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
