Home আন্তর্জাতিক আপাতত ইমরান খানই থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপাতত ইমরান খানই থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

0
143

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

রোববার দিবাগত রাত ২ টার দিকে দেওয়া সেই টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জনাব ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’

রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসেম খান সুরি। কিন্তু বিরোধীরা ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন।

পাশাপাশি, পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীও ঘোষণা করেন তারা।

নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি পিএমএল-এনের অপর নেতা আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে রোববার এক টুইটবার্তায় জানিয়েছেন পাকিস্তানের অন্যতম বিরোধী দল পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) আইনপ্রণেতা শেরি রেহমান।

এমনকি, রোববার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর ডেপুটি স্পিকার কাসেম খান সুরির বিরুদ্ধে উচ্চ আদালতের প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন বিরোধীরা।

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে জানান, ডেপুটি স্পিকারের ‘অসাংবিধানিক পদক্ষেপের’ জবাবে শিগগিরই ‘আইনী লড়াই’ শুরু করবে পিপিপি ও অন্যান্য বিরোধীদল।

বিরোধীদের এসব উদ্যেগের কয়েক ঘণ্টার মধ্যেই এই টুইটবার্তা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

এর আগে, ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন সবাইকে। এরই মাঝে পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, এ ক্ষেত্রে সরকার চালায় অন্তরবর্তীকালীন সরকার। যদিও কোনও অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেননি প্রেসিডেন্ট।

অপরদিকে, পাকিস্তানি সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইসলামাবাদের ঘটনা প্রবাহের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here