বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তবের মতো পর্দায় তারা স্বামী-স্ত্রী এবং প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এবার ভাই-বোনের ভূমিকায় অভিনয় করলেন মোশাররফ করিম ও জুঁই।
নাটকের নাম ‘হোয়াট ইজ লাভ’। গোলাম রাব্বানীর রচনায় সাত পর্বের এই নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখানে মোশাররফ করিমকে দেখা যাবে একজন প্রবাসীর ভূমিকায়। তার প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবা। বোনের চরিত্রে আছেন বাস্তবের স্ত্রী জুঁই।
এছাড়া নাটকে দুটি বিশেষ চরিত্রে আছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু এবং অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। সালাহউদ্দিন লাভলুর চরিত্রের নাম রনি ভাই। একবার বিয়ে ভেঙে যাওয়ার পর যিনি আর এ পথে পা বাড়াননি। পরিবেশের সেবায় নিজেকে পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলেছেন।
অন্যদিকে একই এলাকার ঘরজামাই অয়ন চৌধুরী। অয়নের এখন যে স্ত্রী, তাকে বিয়ে করার কথা ছিল রনি নামে আরেকজনের। এই চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।
এ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সারিকা সাবা, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ। ঈদুল ফিতরে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে।
