মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের সেহরি করালেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদ্রাসার প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে প্রথম সেহরিও খেয়েছেন টিভি পর্দার ‘বড় ছেলে’।
হঠাৎ অপূর্বকে পেয়ে অনেকটা চমকে ওঠেন এতিমখানার শিক্ষকরা। তারা খুবই আন্তরিকতা দেখান। পাশাপাশি এতিম শিশুরাও অপূর্বকে পেয়ে বিস্মিত হয়। পরে তাদের সঙ্গে বসে প্রথম রমজানের সেহরি খান এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতা অপূর্ব।
শুধু তাই নয়, সাদা পাঞ্জাবি পরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় নিজ হাতে ছিন্নমূল মানুষদের সেহরি বিতরণ করতেও দেখা গেছে অপূর্বকে।
গত ডিসেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিলেন অপূর্ব। সেখানে স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় ফিরেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে।
জিয়াউল ফারুক অপূর্ব বর্তমানে ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। টিভি নাটক ছাড়াও চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এ তারকা।
