দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিএনপির প্রতীকী অনশন শুরু হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকাল ১০টায় থেকে বিএনপির এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ অনশনে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
অনশনে মির্জা ফখরুল বলেন, সরকারের লোভ ও সিন্ডিকেটের কারণে আজ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এ সরকার ব্যর্থ হয়েছে জনগণকে স্বস্তি দিতে। নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে৷ কাল থেকে রোজা। কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।
তিনি বলেন, এ ভয়াবহ অবস্থা সৃষ্টিকারী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না। এ গণঅনশনের মাধ্যমে অবৈধ সরকারকে পরাজিত করতে হবে। এ সরকারকে জানাতে হবে, তাদের ওপর জনগণের আস্থা নেই। ওদের ক্ষমতা থেকে সরে যেতে হবে।
বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
