যতক্ষণ শ্বাস আছে আপনাদের উন্নয়নে কাজ করে যাব: প্রধানমন্ত্রী

দেশের মানুষকে নিজের পরিবার আখ্যা দিয়ে তাদের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি প্রদান উপলক্ষে কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন অভিমত ব্যক্ত করেছেন।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া উপলক্ষে দেশের বিশেষ কয়েকটি স্থানে উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন নগরীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ৩০ জুলাই দেশ ছেড়ে যাই, তেজগাঁও থেকে প্লেনে উঠি। তখন কামাল, জামাল, তাদের নবপরিণীতা সবাই ছিল। ফিরে এসে কাউকে পাইনি। পেয়েছি লাখো মানুষ, যারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটে গিয়েছিল।

‘তারাই আমার আপনজন, তারই আমার পরিবার। তারাই আমার সব। আপনাদের জন্যই হারানো বাবা-মার ভালোবাসা ফিরে পিয়েছি। যত বাধাই আসুক মানুষের ভাগ্য পরির্তনে কাজ করে যাব। যতক্ষণ শ্বাস আছে আপনাদের উন্নয়নে কাজ করে যাব।’

তিনি বলেন, আমার বাবা মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সন্তান হিসেবে খুব অল্প সময় তাকে পেয়েছি। ডেভিড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘বাংলাদেশের মানুষকেই তিনি সবচেয়ে ভালোবাসেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন শুধু এক জায়গায় নয়, সারা দেশেই উন্নয়ন করছি। মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে মিরেরসরাই পর্যন্ত আমরা করব। এভাবে পুরো কক্সবাজারের উন্নয়ন আমরা করব। আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে যাতে হতে পারে সে ব্যবস্থা করব। কক্সবাজারকে ঘিরে উন্নয়ন আরো গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *