টলিউডের ‘সুপার কিউট’ জুটির মধ্য প্রথমেই নাম আসে অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের। দু’জনে যেন টম আর জেরি। এই ঝগড়া করছেন তো ওই ভাব! একে-অপরকে চোখে হারান তাঁরা।
তবে এখনো বিয়ে করেননি। এই যুগলের মিষ্টি-মধুর প্রেম ও দুষ্টুমির গল্প কম-বেশি সব ভক্তের জানা। প্রায়শই নানারকম মজাদার কাণ্ড ঘটিয়ে ভক্তদের আনন্দ দেন তারা।
ঐন্দ্রিলার জন্মদিনেও সেটা বাদ গেল না। আজ ৩১ মার্চ ঐন্দ্রিলার জন্মদিন। এ উপলক্ষ্যে মধ্যরাতে অভিনেত্রীকে চমকে দেন অঙ্কুশ। সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
দেখা গেল, বিছানায় শুয়ে আছেন ঐন্দ্রিলা। হঠাৎ তাকে জাপটে ধরেন অঙ্কুশ। এরপর বলতে থাকেন, ‘শুভ জন্মদিন প্রিয় গরিলা! ওহ, ঐন্দ্রিলা’। অঙ্কুশের এমন শুভেচ্ছায় হাসির রোল পড়ে যায় ভক্তদের মাঝে।
এখানেই থামেননি অভিনেতা। ঐন্দ্রিলাকে জোর করে জাপটে ধরে উপর্যুপরি চুমু খান তিনি। এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা। তাদের এই প্রেমময় মুহূর্তগুলো ভক্তদের চেনা।
ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আর কী…’।
পূজা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অদ্রিজা রায়-রা কমেন্ট করেছেন এই ভিডিওতে। পূজা লিখেছেন, ‘আহা রে বেচারি মেয়েটা’। আর দেবলীনা লিখেছেন, ‘যাকে বলে উবর কিউট’।
আপাতত অঙ্কুশ আর ঐন্দ্রিলার কাছে সকলের প্রথম প্রশ্ন থাকে কবে বিয়ে করবেন তাঁরা। ঐন্দ্রিলা বরাবরই জানিয়েছেন, ‘ধুমধাম করে, খুব সেজেগুজে বিয়ে করার ইচ্ছে আছে’। সাথে মজার ছলে এটাও বলেন, তাঁরা এত ঝগড়া করেন যে বিয়ে করার রিস্ক নিতে চান না।
