দেশের ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা (২৯ মার্চ) ৬টা থেকে বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময়ে নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার।

বুধবার দেশের কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চাঁদপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *