ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। দুজনকে একসঙ্গে দেখার সুযোগ মিললে জনতার ঢল নামাই স্বাভাবিক, হলোও তাই।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১২ তে গিয়েছিলেন নিশো-মেহজাবীন। সেখানে তাদের দেখতে মুহূর্তেই জটলা বেঁধে যায়। মেহজাবীনের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে সেই চিত্রই দেখা যাচ্ছে।
জানা যায়, কোনো শুটিং করতে সেখানে যাননি মেহজাবীন-নিশো। বরং একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতেই এই জুটি হাজির হয়েছিলেন সেখানে।
ভিডিওতে দেখা যায়—একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে নিশো-মেহজাবীন। তাদের সামনে অবস্থান করছেন অসংখ্য মানুষ। তারা সম স্বরে বলছেন— ‘নিশো ভাই, নিশো ভাই।’ আবার ভেসে আসছে—‘মেহজাবীন, মেহজাবীন।’
সমধ্বনিতে মুখরিত পুরো এলাকা। কিছুক্ষণ পর মাইক্রোফোন হাতে তুলে নেন নিশো। শুরুতে বলেন, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য্য সহকারে এখানে দাঁড়িয়ে আছেন। সবসময়ই আপনারা আমার মন জয় করেন।’
এরপর উপস্থিত জনতার মধ্য থেকে ‘বুক চিনচিন করছে হায়’ গানটি গাওয়ার অনুরোধ আসে। এতে হেসে উঠেন মেহজাবীন-নিশো। তারপর গানটির কয়েকটি লাইন কণ্ঠে তুলেন নিশো। তার সঙ্গে গাইতে থাকেন উপস্থিত সকলে।
