বাংলাদেশের নাগরিকত্ব চাইলেন মীর

কলকাতার নামকরা উপস্থাপক, অভিনেতা, কণ্ঠশিল্পী মীর আফসার আলী। সবার কাছে তিনি মীরাক্কেলের মীর নামে পরিচিত। গেল কয়েকদিন ধরে তাকে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘ফুডকা’ নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজেই তার এই ভ্রমণ। যেটার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন। সেই খাবারের ভিডিও ধারণ করে নিয়েছেন।

মীরের আসার খবর শুনে তার এদেশি ভক্তদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। রাস্তাঘাটে যখনই বের হচ্ছেন, তখনই ভক্তদের ভিড়ে পড়ছেন। লাইন ধরে সেলফি তুলতে আসছেন তরুণ-তরুণীরা। এমনকি ঢাকায় আসার তিনদিনের মাথায় অন্তত তিন’শ নিমন্ত্রণ পেয়েছেন মীর ও তার সঙ্গীরা। যদিও কাজের খাতিরে সেসব নিমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না তারা।

বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত মীর। এই ভালোবাসা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন। একটি টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান মীরাক্কেল খ্যাত তারকা।

মীর বলেন, ‘বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি। একেবারে উপর মহল পর্যন্ত অনুরোধটা রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী (মীরের সফরসঙ্গী) আর মীর, তার ভাইপো; আমাদের দু’জনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। আমরা এখানে থেকেই যাই। কারণ এতো আদর, এতো আপ্যায়ন, এতো খাতির পাওয়ার পর সত্যিই বাড়িকে আর মিস করি না। এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যাই।’

এর আগে ঢাকার খাবার খেয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন মীর। তার ভাষ্য, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *