গত কয়েক মাস ধরেই গুঞ্জন, মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এটি আরও দানা বাঁধে যখন কাজে একেবারে অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত তিন মাসে তাকে তেমন একটা শুটিংস্পটে পাওয়া যায়নি।
তবে এ চিত্রনায়িকা জানালেন, মা হওয়ার জন্য নয়, ব্যবসার জন্য তার এই আড়াল। ইতিমধ্যে গাজীপুরে তৈরি করছেন নিজের রেস্তোরাঁ। যা রমজানের আগেই চালু হবে। আর সেই ব্যবসার কথা গণমাধ্যমে বলতে গিয়ে তিনি মা হওয়া বিষয়ে কথা বলেন।
চিত্রনায়িকা মাহি জানান তার রেস্টুরেন্টের নাম হচ্ছে ‘ফারিশতা’। এই নামটি মাহির পছন্দ হওয়ার পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ। সেটি হচ্ছে তিনি যদি কখনো কন্যাসন্তানের মা হলে নাম রাখবেন ফারিশতা।
তাহলে মাহিয়া মাহি কী মা হতে যাচ্ছেন? গণমাধ্যমের এমন প্রশ্ন শুনে তিনি হাসি দিয়ে জানান, নাহ সহসা মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত গুজবে কান দেবেন না। আর যখন মা হবো তখন তো আপনারা সবাই জানতেই পারবেন।
মাহি বলেন, ‘‘আমি অনেক দিন ধরে চুপচাপ। এর কারণ আমি আসলে রেস্তোরাঁ তৈরিতে ব্যস্ত। সবাই ভেবেছেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়।’
মাহিয়া মাহি এই মূহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। আপাতত সংসার ও নতুন ব্যবসা নিয়েই তার ধ্যানজ্ঞান।
